কবরের পাহারাদার - দূর্জয় দাশ জয়

মায়ের প্রতি অবলা প্রাণীর নিঃস্বার্থ ভালোবাসার এক মর্মস্পর্শী উপাখ্যান
কবরের পাহারাদার
মাটির ঘরে ঘুমিয়ে আছো, ওগো স্নেহের মা,
তোমার হাতের মুঠোয় ছিলো আমার ঠিকানা।
রোজ সকালে পথের মোড়ে, তোমার ডাকের সুর,
সেই ভরসাতেই মিটতো আমার খিদের সমুদ্দুর।
হঠাৎ যেদিন লুটিয়ে পড়লে ধুলো পথের গায়,
বুক ফাটিয়ে ডেকেছিলাম, "কে আছো সহায়!"
মানুষগুলো পড়লো ছুটে, নিলো তোমায় তুলে,
ভাবিনি গো সেই যাওয়াতেই যাবে আমায় ভুলে।
হাসপাতালে গেলে তুমি, ফিরলে না আর ঘরে,
সাদা কাপড়ে শুইয়ে দিলো এই মাটিরই তরে।
সবাই যখন ফিরে গেলো, মুছলো চোখের জল,
আমি শুধুই বসে রইলাম, স্মৃতিরাই সম্বল।
ক্ষিদে-তেষ্টা ভুলেছি মা, মুখে রুচে না ভাত,
তোমার কবরের পাশেই আমার কাটবে গো দিন-রাত।
রোদ-বৃষ্টি যাই আসুক মা, নড়বো না এক ঠাঁই,
শেষ শয্যার পাহারাদার হয়েই রয়ে যাই।
তোমার আপন মানুষগুলো আসে যখন কেঁদে,
আমিও বসি তাদের পাশে, শোকের মায়ায় বেঁধে।
ভাষাহীন এক বোবা প্রাণী, কী বলতে পারি আর!
ভালোবাসার ঋণ চোকাতে আজ আমি পাহারাদার।
রচনাকাল: ১লা মে, ২০২৬ ইং
