বেঁচে থাকা - দূর্জয় দাশ জয়

যান্ত্রিক শহরের বুকে মানুষের নীরব অস্তিত্ব ও রূঢ় বাস্তবতার গল্প
বেঁচে থাকা
শহরের নাম লেখা থাক নিয়ন আলোয়,
আমি বরং রাস্তার মোড়ের অন্ধকারটা চিনি।
এখানে বুকের ভেতর আস্ত একটা শূন্যতা জমিয়ে
মানুষ হাসিমুখে রোজ নিজেকে বেচাকেনা করে।
যাদের পকেটে এখনো কিছুটা সততা বেঁচে আছে,
তারা এ শহরে সবচেয়ে বড় বোকা।
আর যারা অন্যের স্বপ্ন চুরি করে ইমারত গড়েছে,
বিজ্ঞাপন আমাদের শেখায়, "এরাই সফল", "এরাই আদর্শ"!
মিছিলের ভাষা এখানে কবেই বদলে গেছে,
শ্লোগানগুলো এখন কেবলই ক্ষমতাবানদের চুক্তিপত্র।
যে লোকটা দিনভর ঘাম ঝরিয়েও রাতে খালি পেটে ঘুমায়,
আমি বড়জোর তার নাম দিয়েছি ভাগ্যহীন;
অথচ আমার প্রশ্ন করার কথা ছিলো "রাষ্ট্র কোথায়?"
এই শহরে আসলে কেউ কারো নয়,
সবাই শুধু একটা নিরাপদ ছাদের আশায়
রোজ একটু একটু করে নিজের ভেতরের মানুষটাকে কবর দেয়;
আর পরিপাটি জামা গায়ে জড়িয়ে তার নাম রাখে বেঁচে থাকা।
রচনাকাল: ৫ই মে, ২০২৬ ইং
